বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

নৈর্ব্যক্ত অভিব্যক্তি - ১

নতুন শুরু সবসময়েই বড্ড যন্ত্রণাদায়ক, সে যেই কাজের শুরুই হোক না কেন, প্রেম, লেখা, পরিচিতি, ক্যারিয়ার, যে কোন কিছু। তাও আবার যদি তা হয় সোনালী ১০/১২ বছর নষ্ট করে নতুন শুরু, বা ৬ মাসের অনেক যত্নে গড়া পান্ডুলিপি ফেলে দিয়ে নতুন পান্ডুলিপি লেখা। ওয়েল সবাই তো আর রা নয়, যে প্রতি ভোরে নতুন শক্তিতে যাত্রা শুরু করবে।

আসলে জীবনটা যেন Chaos, গ্রীক ক্রিয়েশন মিথের সর্বপ্রথম Celestial being, অস্তিত্বধারী শুন্যতা, যেখান থেকে জন্ম নেবে গাইয়া, টারটারাস আর এরোস। জীবনের গতিপথও তো তেমনই, কদিন পরেই সবকিছু ভয়েড, ক্যাওস, তা থেকে জন্ম নেয়া নতুন শুরু, নতুন ভুল, নতুন ভালোবাসা।

তারপর কম সময়ে বেশি কাজের মত্ততায় বারে বারে জন্ম দেয়া সাইক্লপ্স, টাইটানস, জায়ান্টস সৃষ্টি এবং ভুল হাতে হাত ধরে, হয়তো আরো কিছু ভুল। কিন্তু ভুলগুলোই তো একমাত্র কর্ম নয় জীবনের। তাইতো, নিজের অজান্তেই হয়তো সৃষ্টি হয় এফ্রোদিতি বা মিউজ। অন্যদের মুগ্ধতা কাড়ে, আর নিজেকে মনে করিয়ে দেয়, হয়তো ভুলগুলো না থাকলে এমন আরো কিছু হতো, বাকিটা দীর্ঘশ্বাস হয়ে থাকতো না।
নিজেকে কখনো কখনো কখনো মনে হয় যেন ভুলে যাওয়া টেল মেগিডো শহর, ৭০০০ বছর ধরে গুরুত্বপূর্ণ থেকেও হঠাৎ করেই গুরুত্বহীন। স্তরে স্তরে সাজানো অতীত, প্রতিটা স্তর একেকটা টাইমলাইন। অজস্র যুদ্ধ সহ্য করেও হঠাৎই নেই হয়ে যাওয়া। তারপরে কেটে যাওয়া আড়াই হাজার বছর, ফের চোখের সামনে আসা, নিজেকে মেলে ধরা সবার সামনে, একটা একটা করে স্তর উন্মোচন।

আমি হতে পারতাম রা এর মত প্রতিদিন পূর্ণদ্যোমে নবজন্ম, হতে পারতাম থথ দা ব্যালান্সিং ফ্যাক্টর, হোরাস দা রুলার, কিন্তু না সব সময়েই আমি যেন আমন দা হিডেন ওয়ান। কখনো নিজেকে নিজের থেকেই চাপিয়ে রাখা, অন্যদের থেকে গোপন রাখা, ধোঁয়াসা সৃষ্টি, আড়ালে থাকা, অন্ধকারের মানুষ, কাদা মাটি দিয়ে ঢেকে রাখা, সব সময়, প্রকাশ্য আস্ফলন কেন যেন কখনোই আমার জন্য নয়। মাঝে মাঝে যেন নিজেই নিজেকে ভুলে যাওয়া, হু এম আই?

আসলেই তো,  আমি কে? কেমন আমি? যেমন ছিলাম তেমনটাই কি আসল আমি? নাকি নিজেকে সাজানো, ঘষে, পালিশ করে তৈরী করা এই আমি টা? নাকি মাঝে মাঝেই ফুঁসে ওঠা উশৃঙখল ছন্নছাড়া আমিটাই সেই আমি? জানি না, জানি না, কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি জীবনে শুধু চাই Ankh, জীবনের চাবি। খুলে যাক নিজের কাছেই  অজানা  জীবনের অজানা অচেনা দরজা, উন্মুক্ত উন্মোচিত হোক জীবনের তরে জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন